Image description

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মুন্সিগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সিগঞ্জ পৌরসভার সহযোগিতায় ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিন মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অভিযানের মাধ্যমে কাটাখালী খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আওতায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে।

কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল দ্রুত অপসারণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসএ