Image description

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) নিজ ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল হেলিম (৫৮) নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই অভিযুক্তকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল বারোয়াপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মো. ইদ্রিছ আলীর মেয়ে স্থানীয় সিংরইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রতিবেশী আব্দুল হেলিম (৫৮) ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন প্রলোভন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী নিজ বসতঘরের শয়নকক্ষে একা ছিল। এ সময় তার মা পিত্রালয়ে অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্ত আব্দুল হেলিম ঘরে প্রবেশ করে ওই ছাত্রীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা স্থানীয় লোকজনকে অবহিত করেন। এরপর আইনগত ব্যবস্থা ও সুবিচারের আশায় ভুক্তভোগীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ