মুরাদনগরে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইনে মামলা, এজাহারে ৩৯ জন
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে পিএসআই রাজু বড়ুয়ার নেতৃত্বে এসআই মো. আরকানুল ইসলাম, এএসআই কুসুম বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। দুপুর ২টা ১৫ মিনিটের দিকে লাজৈর এলাকায় ব্লেসিং এগ্রোভেট কারখানার সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য। তারা সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউন করে জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় এজাহারনামীয় ১১ জন এবং তদন্তে পাওয়া আরও চারজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাঙ্গরা বাজার থানার পূর্বধইর ইউনিয়নের দৌলবাড়ী পূর্বপাড়া মার্কেট সংলগ্ন এলাকার মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৬), একই ইউনিয়নের হাটাশ পশ্চিমপাড়া মুন্সি গাজী বাড়ির আব্দুল আজিজের ছেলে সরোয়ার (১৯), দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচরা পুকুরিয়া উত্তরপাড়ার শেখ পারভেজ বাড়ির জয়নাল আবেদীন মাস্টারের ছেলে সরোয়ার হোসেন রাকিব (৩০)।
এ ছাড়া মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর ফকির বাড়ির মিন্টু মিয়ার ছেলে আনিস মিয়া (৩২), পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা এবাদুল্লাহ সরকার বাড়ির মৃত মজিবুর রহমান সরকারের ছেলে মোস্তফা সরকার (৩৩), একই ইউনিয়নের পাহাড়পুর সরকার বাড়ির আব্দুল গনি সরকারের ছেলে আরিফুর রহমান সরকার (৪৫), চৌহদ্দী পূর্বপাড়া বারেক হাজী বাড়ি/মুন্সি বাড়ির সেলিম মেম্বারের ছেলে মহসিন (২৫) ও ইয়াছিন (২৮), কামাল্লা ইউনিয়নের কামাল্লা জজ মেম্বারের বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে জজ মিয়া (৪৫), নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর এলাকার কনু মিয়ার ছেলে শরীফ মিয়া (৩০)।
গ্রেপ্তার অন্যরা হলেন—নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর এলাকার মৃত ওমর আলীর ছেলে সোহেল মিয়া (৪৫), পাহাড়পুর ইউনিয়নের ভিটি পাঁচপুকুরিয়া এলাকার মৃত কদম আলীর ছেলে শাহ আলম (৬৩), কামাল্লা ইউনিয়নের কামাল্লা সরকার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৬১), নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর এলাকার মৃত মোসলেম মিয়ার ছেলে আলমাস উদ্দিন মেম্বার (৫৭) এবং ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর সাদেক বিডিআরের বাড়ির মৃত সেকান্দার আলীর ছেলে আব্দুস সাদেক (৬৯)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় এজাহারনামীয় ৩৯ জন এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মুরাদনগর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ




Comments