ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখার কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে (রাত আনুমানিক ২টা) ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত শাকিল কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিল। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার পর থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা অংশের ২০২২-৯এস নম্বর সীমান্ত পিলারের কাছে সানমুড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিএসএফকে খবর দেয়। শনিবার সন্ধ্যার পর বিএসএফের মাধ্যমে সংবাদ পেয়ে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হলেও ভৌগোলিক অবস্থান ও গভীর রাত হয়ে যাওয়ায় ভারতের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা আপাতত লাশটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিএসএফের সঙ্গে সার্বিক যোগাযোগ অব্যাহত রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) যেকোনো সময় সীমান্তে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে। তবে নিখোঁজ কিশোরের লাশ কীভাবে ওই স্থানে গেল কিংবা তার মৃত্যুর সঠিক কারণ কী, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।
ডিআর




Comments