Image description

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার শানমের (২৩) মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শিলছড়ি সীতারঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ শাহরিয়ার শানম নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নরসিংদী ও চট্টগ্রাম থেকে আসা নয় পর্যটকের একটি দল কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার সীতার পাহাড় ও জুম পাহাড় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে তারা শিলছড়ি সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-মুখ ধুতে যান। এ সময় পা পিছলে নদীতে পড়ে যান সাজিদ। মুহূর্তের মধ্যেই তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।

তার সঙ্গে থাকা অন্য আট পর্যটক হলেন—শাকিব মাহমুদ, সাইফুল ইসলাম, জুনায়েদ আহমেদ, আবদুল নূর তুষার, এনামুল সরকার, জুবায়ের হুসাইন, এমরান হোসেন ও নূর মোহাম্মদ শাকিল।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪০ মিনিটে নদী থেকে সাজিদের নিথর দেহ উদ্ধার করা হয়।

পরে নৌবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাজিদের পরিবার, স্বজন, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

শিলছড়ি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন এবং কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে নদীতীরবর্তী এলাকায় পর্যটকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন তারা।

এসএ