Image description

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ভাসতে থাকা সাকিব মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের নিজ বাড়ির সামনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব মিয়া ওই গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের চাচাতো ভাই ও প্রতিবেশী রোমন মিয়া জানান, সকালে বাড়ির পাশের পুকুরে জাল টান দেওয়ার জন্য জাল আনতে যাওয়ার পথে তিনি ঠাকুরবাড়ির পুকুরে হাত-পা ধুতে যান। সেখানে গিয়ে পানির ওপর একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব শনিবার রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তাঁর কক্ষের দরজা খোলা দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁরা ধারণা করেন, সাকিব বাসস্ট্যান্ডে গেছেন। পরে পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে তাঁর বাবা সেটি সাকিবের বলে শনাক্ত করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএ