Image description

চট্টগ্রামের সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকার অস্থায়ী বাসিন্দা লোকমান হোসেন সাগর (২৭)। মাদকাসক্ত এই ব্যক্তি মাদক সেবনের টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী কন্যাশিশুকে ৫০০ টাকায় বিক্রি করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির মা-বাবার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেয়াবাদ এলাকায়।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে শিশুটির মা সীমা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। তিনি পুলিশকে জানান, তার স্বামী লোকমান হোসেন সাগর মাদকাসক্ত। মাদক সেবনের টাকা জোগাড় করতে তিনি তাদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হয়েছেন।

৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর বিষয়টি জানতে পারে সদরঘাট থানা পুলিশ। পরে থানার মোবাইল টহল ডিউটির স্পেশাল-২৪ (নৈশ) কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।

অভিযানের একপর্যায়ে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে নিরাপদে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। পরে মোবাইল টহল দলের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে নিরাপদে বুঝিয়ে দেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ