জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা মহানগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুস সাত্তার, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, অ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ এবং মহানগরী যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ ও অন্যান্য বক্তারা বলেন, "জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা একলাফে বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের খরচ বহুগুণ বৃদ্ধি পাবে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ইতোমধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষের ওপর নতুন করে এই অতিরিক্ত খরচের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
জ্বালানি তেলের এই অন্যায্য ও বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহার করে জনগণের জন্য স্বস্তি ফিরিয়ে আনার আকুল আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ। সরকার এ জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না এলে রাজপথে ধারাবাহিক কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, "অবিলম্বে তেলের বর্ধিত মূল্য কমিয়ে আনা না হলে দেশের আমজনতাকে সঙ্গে নিয়ে এক দফা সরকার পতনের একযোগে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।"
সংক্ষিপ্ত সমাবেশ শেষে কান্দিরপাড় এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
ডিআর




Comments