Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জবাই করার উদ্দেশ্যে অসুস্থ গরু নিয়ে যাওয়ার পথে দুই কসাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় গরু বহনকারী ভ্যানচালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত কসাইরা হলেন—আব্দুল্লাহ (১৯) ও সুমন (২৫)। তাঁদের দুজনের বাড়ি প্রতিবেশী রাণীশংকৈল উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের আব্দুল মান্নান তাঁর একটি রোগাক্রান্ত অসুস্থ গরু টাইগার কসাইয়ের কাছে এক লাখ টাকায় বিক্রি করেন। পরবর্তীতে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টাইগার কসাইয়ের দুই সহযোগী আব্দুল্লাহ ও সুমন একটি ব্যাটারিচালিত ভ্যানে করে অসুস্থ গরুটি পীরগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের কানারী এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে জনতা ভ্যানচালক মতিউর রহমানসহ দুই কসাইকে আটকে রেখে পীরগঞ্জ থানা-পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়। দুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১'-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে কসাই আব্দুল্লাহ ও সুমনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে ঘটনাটি সম্পর্কে অবগত না থাকায় ভ্যানচালক মতিউর রহমানকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডিআর