সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন
দৈনিক মানবকণ্ঠের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী দীর্ঘদিন ধরে বকশীগঞ্জে সাংবাদিকতা করছেন। তিনি বিভিন্ন অনিয়ম ও জনদুর্ভোগের বিষয় সংবাদে তুলে ধরেন। তাঁদের দাবি, এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করার জন্য মামলাটি দায়ের করা হয়েছে।
বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
মানববন্ধনে বক্তাদের বক্তব্য অনুযায়ী, একটি দাগের সম্পত্তি বিএস রেকর্ডে নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্ত রেকর্ডভুক্ত ছিল। ১৯৯০ সালের দিকে ওই এলাকায় চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীর দাদা শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু শাশুড়িসহ পরিবারের সদস্যরা ৩৩ শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন বলে দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, পৌর শহরের গুরুত্বপূর্ণ ওই রাস্তা নির্মাণের পরও খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার অংশ আলাদাভাবে কর্তন করা হয়নি। পরবর্তীতে আবুল কাশেম কাশি ওই রাস্তার জমি নিজের নামে খারিজ করিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী ওই সম্পত্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও তাকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আবুল কাশেম কাশির বক্তব্য জানা যায়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমিন, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সমকালের সাংবাদিক মাসুদুল হাসান, আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন, নয়া দিগন্তের প্রতিনিধি আল মুজাহিদ বাবু, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আশরাফুল হায়দার, আমার দেশের প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেশের কণ্ঠের প্রতিনিধি সালাম মাহমুদ, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফা গাজী, আগামীর সময়ের প্রতিনিধি রাসেল রানা, সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক রিপন রাজ, সকালের সময়ের প্রতিনিধি জামিল আহাম্মেদ, আজকের বসুন্ধরার প্রতিনিধি ইমরান মাহমুদ, প্রাইম টিভির প্রতিনিধি সাদিয়া ইসলাম, গণকণ্ঠের প্রতিনিধি ইমরান সরকার, সাংবাদিক মারুফ হাসান, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক তাহের, মনোহার আলীসহ আরও অনেকে।
এসএ




Comments