Image description

দায়িত্ব নেওয়ার মাত্র ২০ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছাত্রজীবনের রাজনৈতিক সম্পৃক্ততা ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে ছদ্মনামে ব্লগে লেখালেখির অভিযোগ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেয় প্রশাসন। প্রথমে তাঁকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ নিয়ামত উল্ল্যা গত ১ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছিলেন। ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া এ কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্কিত ভূমিকা পালন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ও ফেসবুক পোস্ট প্রসঙ্গে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন জানান, তিনি বিষয়টি নিয়ে মোহাম্মদ নিয়ামত উল্ল্যার সঙ্গে কথা বলেছেন। এসিল্যান্ডের দাবি, চাকরিজীবনে তিনি নিরপেক্ষভাবে নির্বাচনি দায়িত্ব পালন করেছেন, যেখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছিলেন। এছাড়া টাঙ্গাইলে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সফরের সময় তাকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। তবে স্থানীয় ও নেটিজেনদের একাংশ তাঁর বিগত সময়ের রাজনৈতিক ভূমিকার দিকে আঙুল তোলেন।

জেলা প্রশাসনের তথ্যমতে, মোহাম্মদ নিয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি হন। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর গৌরীপুরে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ইউএনও আফিয়া আমিন সাংবাদিকদের বলেন, “রোববার সকালে এক প্রজ্ঞাপনে জনস্বার্থে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়। প্রথম আদেশে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তের আদেশ পাওয়া যায়। রোববার সন্ধ্যায় তিনি কর্মস্থল ত্যাগ করেছেন।”

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “গৌরীপুরের এসিল্যান্ড মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।”

ডিআর