Image description

যশোরের চৌগাছা থেকে নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদ থেকে একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত একলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নিজের প্রায় নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন একলাস। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরদিন ২০ সেপ্টেম্বর তাঁর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকায় কপোতাক্ষ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে উদ্ধারকৃত মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।

স্থানীয়দের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাসকে হত্যা করে ভ্যানটি নিয়ে মরদেহ কপোতাক্ষ নদে ফেলে গেছে।

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন জানান, নদী থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্তে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিআর