Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জে তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিবুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই ডিপোর চেকার মো. রফিকুল ইসলামকে মুঠোফোনে কল করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন ফয়সাল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে গত ১ আগস্ট ফয়সাল ও তার সহযোগীরা ডিপোর ভেতরে প্রবেশ করে কর্মীদের আবারও হুমকি দেন এবং মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া এর আগেও ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসএ