দলিল রেজিস্ট্রি করার বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার, হেড ক্লার্ক ও এক উমেদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সমন্বিত অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং কার্যালয়ের উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলের মধ্যে কোনো ধরনের আইনি ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা নিয়মমাফিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন। পরবর্তীতে কাজটি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন।
ঘটনায় কোনো উপায় না দেখে সংশ্লিষ্ট আইনজীবী প্রথমে দুর্নীতি দমন কমিশনের হটলাইন '১০৬'-এ অভিযোগ জানান। পরবর্তীতে তিনি দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এ আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন দাখিল করেন।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার দুপুরে দুদক এনফোর্সমেন্ট টিমের একটি বিশেষ দল পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ছদ্মবেশে ফাঁদ পাতে। আইনজীবী কর্তৃক ঘুষের ২ লাখ টাকা লেনদেনের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানসহ তিনজনকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদক টিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ডিআর




Comments