গাইবান্ধায় ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে
গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে নারী ও শিশুসহ নয়জনকে কামড়ে আহত করা শিয়ালের মাথা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকাস্ত কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। শিয়ালটির শরীরে মারাত্মক জলাতঙ্কের (র্যাবিস) জীবাণু বিদ্যমান ছিল কি না, তা নিশ্চিত করতেই নমুনা পরীক্ষা করা হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম। তিনি জানান, সোমবার বিকেলে শিয়ালের মাথা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট গবেষণাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর (রোববার) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা ও জিগাবাড়ী এলাকায় একটি শিয়াল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। শিয়ালটি তাড়া করে পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর আক্রমণ চালায়। এতে নারী ও শিশুসহ নয়জন আহত হন।
আহতদের মধ্যে তালুক বেলকা গ্রামের নিলি বেগম (৪০), সাদেক হোসেন (৭০), আফরুজা বেগম (৩৭) ও শাওন মিয়া (৬) এবং জিগাবাড়ী গ্রামের রাবেয়া বেগম (৩৮), রাকিবুল হাসান (১৩), এনামুল হক (২৬), আয়শা আক্তার (৩) ও হাসান মিয়া (৭) রয়েছেন।
আক্রমণের পর স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা শিয়ালটিকে পিটিয়ে মেরে একটি নির্জন স্থানে ফেলে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিয়ালটির মাথা কেটে সংগ্রহ করেন এবং অবশিষ্টাংশ মাটিতে পুঁতে ফেলেন।
নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় শিয়ালটির অবশিষ্টাংশ শনাক্ত করে মাথাটি সংগ্রহ করা হয়। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঘটনায় শিয়ালের কামড়ে আহত নয়জন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং তাঁদের প্রয়োজনীয় জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়। পরবর্তীতে আহতদের শারীরিক অবস্থার নিবিড় খোঁজ নিতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে পরিদর্শন করেন।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গুরুতর আহত নিলি বেগমকে সাড়ে ৭ হাজার টাকা এবং অন্য আটজনকে চার হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ জানান, শিয়ালটিকে মেরে ফেলার পর রাতে প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা এসে নমুনা হিসেবে সেটির মাথা নিয়ে যান।
সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম বলেন, "শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কি না, তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।"
ডিআর




Comments