প্রতিমন্ত্রী আব্দুল বারী
‘দেশের ভিত্তি তৈরি করেছিলেন জিয়াউর রহমান, সেই ধারাবাহিকতায় উন্নয়ন করছেন তারেক রহমান’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন করে অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, তাঁর সময়েই গার্মেন্টস শিল্প, পল্লী বিদ্যুতায়ন ও বিদেশে জনশক্তি পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘‘পার্শ্ববর্তী দেশগুলোতে মুদ্রার অবমূল্যায়ন হলেও আমাদের দেশে মূল্যস্ফীতি হয়নি। নানা সংকট সত্ত্বেও নতুন করে কোনো টাকা ছাপানো হয়নি। বর্তমানে বিদ্যুতের যে সমস্যা রয়েছে, তা অতি দ্রুত সমাধান হয়ে যাবে।’’
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান হলেও তিনি এখন সমগ্র দেশের নেতা। তবে বগুড়ার যে কাঙ্ক্ষিত উন্নয়ন, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।’’ এ সময় তিনি দীর্ঘদিন থমকে থাকা বগুড়া বিমানবন্দর চালুকরণ, শিল্প বিকাশে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক হাব) গড়ে তোলা এবং বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষাগত উন্নয়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের চরম আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন এবং বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিআর




Comments