Image description

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকার ধীরাশ্রমে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর ধীরাশ্রম সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গাজীপুর শহর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ধীরাশ্রম সড়ক হয়ে পূবাইলের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন— গাজীপুরের পূবাইল থানার মাওরারটেক এলাকার অধিবাসী জামাল (৪৫) ও মহিউদ্দিন (৫০)। নিহত অপর এক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, "দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

তিনি আরও জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিআর