গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় আরও ৮-১০ জন পালিয়ে গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার সাখাহার ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—এনামুল হক (৫০), আলী হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)।
অভিযানকালে তাদের ফেলে যাওয়া দুটি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তি। মূর্তিটির ওজন ১৬ দশমিক ৮৭ কেজি এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ একটি বস্তু, যার ওজন ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল।
এ ঘটনায় ২০ বিজিবির জেসিও মো. সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ




Comments