কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ১৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মদ, অবৈধ ট্যাবলেট ও বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ১৫ মিনিটে ৪৭ বিজিবির চিলমারী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২২ হাজার ৮০০ টাকা।
একই রাতে রাত ১১টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৫/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২১ হাজার টাকা।
অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটে ধর্মদাহ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৭/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ মাঠ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ




Comments