Image description

মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার শেখপুর বাজারের নতুন স্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে শেখপুর বাজারের নতুন স্ট্যান্ড এলাকার একটি মুদি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় দোকানগুলো বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই আগুনে পাঁচটি দোকান পুড়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানের মালামাল পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এসএ