পূবাইলে রিসোর্ট ক্লাবে ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪
গাজীপুর মহানগরীর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে আয়োজিত ডিজে পার্টিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিট থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাত আড়াইটা পর্যন্ত পূবাইলের ভাদুন এলাকার পূবাইল রিসোর্ট ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)। ডিএনসি জানায়, তানজিম, নিশু ও রাহাত ‘SONIC PULSE’ ব্যানারে আয়োজিত ওই মাদক পার্টির অন্যতম আয়োজক ছিলেন।
অভিযানে ২১ পিস এমডিএমএ (এক্সটাসি), ২৪ গ্রাম কুশ, ১ গ্রাম কোকেন, ৩.৭৫ লিটার বিলাতি মদ এবং ২০ গ্রাম ক্যানাবিস গামি জব্দ করা হয়। এ ছাড়া আলামত হিসেবে চারটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিসোর্টের ‘টিউবরোজ’ ও ‘গোমতী-১’ কটেজ থেকে মাদক ও সরঞ্জামাদিসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই অননুমোদিতভাবে এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল এবং অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মাঝে সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান,গ্রেপ্তারদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদকমুক্ত পরিবেশ তৈরিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিআর




Comments