দুর্নীতি ও দারিদ্র্যের কারণে বিশ্ব বাংলাদেশকে চেনে: এমপি সালেহী
“দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ক্ষুধা ও দারিদ্র্যের কারণেই আজ পৃথিবীর মানুষ বাংলাদেশকে চেনে”—কুড়িগ্রাম সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে ব্যারিস্টার সালেহী আরও বলেন, “কুড়িগ্রাম জেলার অবস্থান বর্তমানে ৬৪ নম্বরে। তবে তোমরা তরুণরা চাইলে কুড়িগ্রামের এই অবস্থানকে এক নম্বরে উন্নীত করতে পারো।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। তিনি ভারতীয় আধিপত্যবাদের তীব্র সমালোচনা করে বলেন, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী ছাত্র আবরার শহীদ হয়েছে। ভারত আমাদের নানাভাবে ১৭ বছর কোণঠাসা করে রেখেছে। বুকে গুলি নিয়ে আবু সাঈদ শহীদ হয়েছে। লড়াই করতে হবে আমাদের ওসমান হাদীর মতো। জুলাইয়ে তরুণরা উজ্জীবিত হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই আমরা মুক্ত স্বাধীন দেশ পেয়েছি” একই সাথে শিক্ষার্থীদের সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাতে কঠোর অধ্যয়নের আহ্বান জানান তিনি।
ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম রোমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আশিকুর রহমান এবং কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসাইন।
কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত জানান, বিগত বছরগুলোর তুলনায় এবার আরও বড় পরিসরে ঐতিহ্যবাহী শহীদ মিনার প্রাঙ্গণে নবীনবরণ উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে। এ বছর কলেজের প্রায় ৭৫০ থেকে ৮০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থী উৎসবের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
ডিআর




Comments