বরিশালের বাকেরগঞ্জে আবদুল্লাহ (১৩) নামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ উপজেলার শ্যামপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা সুজন হাওলাদারের ছেলে।
স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় সুজন হাওলাদার বাড়ি থেকে পাশের বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ছেলে আবদুল্লাহর হাতে ২০ টাকা দিয়ে যান। এর কিছুক্ষণ পরই বাড়ি থেকে স্বজনেরা তাঁকে ফোন করে জানান যে তাঁর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় একটি অসমর্থিত সূত্রের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিশুটি। তবে এত কম বয়সী একটি শিশুর আত্মহত্যার খবর নিয়ে স্থানীয়দের মধ্যে নানামুখী গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ সরকার জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments