কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালিগাঁও গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা এবং কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি ও কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে জানাজা সম্পন্ন হয়। এর আগে রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও গার্ড অফ অনারের পূর্বে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বাচ্চু, কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ ইকবাল হোসেন পিপিএম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির (মাস্টার), কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিগণ।
জানা গেছে, রাষ্ট্রীয় সালাম ও বর্ণাঢ্য শ্রদ্ধা নিবেদন শেষে বালিগাঁও স্থানীয় কবরস্থানে মরহুমের প্রয়াত স্ত্রীর কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
একাত্তরের এই বীর সেনানীর প্রয়াণে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডিআর




Comments