প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে গজারিয়ায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি
মহাসড়কে হাত নেড়ে শুভেচ্ছা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাওয়ার পথে গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করেন। এ সময় তেতৈতলা হাঁস পয়েন্টসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সকাল থেকেই তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। তারা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এ ছাড়া ভাটেরচর নতুন রাস্তা, ভবেরচর বাসস্ট্যান্ডসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বিভিন্ন পয়েন্টেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজীতে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ এবং পাইলট কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন উপজেলার কৃষকদের কৃষক কার্ড ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএ




Comments