“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান, এসো এনজিওর নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনুর রহমান মতিন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহফেল উদ্দিন।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দিয়ে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষভাগে এসে তাদের সম্মানজনক, নিরাপদ ও সুরক্ষিত জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব।
বক্তারা আরও বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
এসএ




Comments