Image description

বগুড়ার মোকামতলা বিশ্বরোড এলাকায় মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদের আশ্বাস দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু সেই আশ্বাসের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আগের মতোই মহাসড়কের ধীরগতির লেন ও আশপাশের জায়গা দখল করে চলছে দোকানপাট। এতে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এর আগে মোকামতলায় মহাসড়কের জায়গা দখল করে অবৈধ দোকানপাট ও অটোরিকশার স্ট্যান্ড বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে মোকামতলা বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুইপাশে অবৈধ দোকানপাট ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছিল।

গত বছরের ৯ অক্টোবর দৈনিক মানবকণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ করা হলে সেখানে বগুড়া সওজ ও জনপথ (সওজ) বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ জানিয়েছিলেন, দুই-এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একই প্রতিবেদনে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছিলেন, খুব শিগগিরই অবৈধ দোকানপাট ও অটোরিকশা অপসারণ করা হবে।

কিন্তু প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বাস্তবে সেই উচ্ছেদ কার্যক্রমের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।

রোববার (৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোকামতলায় মহাসড়কের দুই পাশে ধীরগতির লেনে এখনো বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশাগুলোও সড়কের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

স্থানীয়রা বলছেন, মোকামতলা বিশ্বরোড একটি ব্যস্ততম এলাকা। প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কের পাশে দোকানপাট ও সড়কের ওপর অটোরিকশা দাঁড়িয়ে থাকায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে। বিশেষ করে পথচারীদের মহাসড়ক পারাপারের সময় ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় সংবাদ প্রকাশ হলেও বাস্তবে এর স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে একই সমস্যা বারবার ফিরে আসছে।

এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক মানবকণ্ঠকে বলেন, "বিষয়টি আমার জানা ছিল না। এখন জানলাম। বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মোকামতলা মহাসড়কের ওপরে অবৈধ কোনো স্থাপনা থাকলে খুব শিগগিরই সেগুলো উচ্ছেদ করা হবে।"

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন মানবকণ্ঠকে বলেন, "আমি এ থানায় নতুন যোগদান করেছি। মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে মোকামতলার বিষয়টি এভাবে আমার জানা ছিল না। দুই-এক দিনের মধ্যে সেখানে থাকা অবৈধ দোকানপাট অপসারণ করা হবে।"

ডিআর