হালুয়াঘাটে মাজার নির্মাণ ও মাদকের আড্ডা বন্ধের দাবিতে বিক্ষোভ
মাজার নির্মাণকে কেন্দ্র করে ভণ্ডামি, ধর্মীয় ও সমাজবিরোধী কর্মকাণ্ড এবং মাদকের আড্ডা বন্ধের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সচেতন তৌহিদী জনতা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের কাউচিয়া গ্রামের চৌরাস্তা বাজারে স্থানীয় সচেতন তৌহিদী জনতার উদ্যোগে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলটি কাউচিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাজারকেন্দ্রিক ভণ্ডামি, সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন স্পর্শকাতর কর্মকাণ্ড এবং বিভিন্ন সমাজবিরোধী অপ তৎপরতা অবিলম্বে বন্ধের দাবি জানান। একই সঙ্গে এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে স্থানীয় প্রশাসনের আশু ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তীব্র আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, ধর্ম ও আধ্যাত্মিকতার দোহাই দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলের চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ধর্মের নামে যেকোনো ভণ্ডামি, অন্ধ আনুগত্য তৈরি কিংবা সাধারণ মানুষের অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ার মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
বক্তারা বলেন, তথাকথিত নরসিংদীর এক ভণ্ড পীরের তৎপরতা ও এলাকায় মাজার নির্মাণের উদ্যোগ রুখে দিতে প্রাথমিকভাবে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও আন্দোলনমুখী কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ড যুবসমাজকে চরমভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি তাগিদ দেন তারা।
উক্ত প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখেন বাট্টা মার্কাজ মসজিদের ইমাম মুফতি শামীম আহমেদ। সমাবেশ পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রফিক।
কর্মসূচিতে স্থানীয় তৌহিদী জনতাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘মাজারের নামে ভণ্ডামি চলবে না, চলবে না’সহ নানা প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
আয়োজক সূত্র জানায়, এলাকায় ধর্মের নামে প্রতারণা, মাদকের আড্ডা ও সমাজবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার প্রথম ধাপ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে। তারা আরও জানান, ওরশ শরিফ ও মাজার নির্মাণকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিআর




Comments