এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণের সুযোগ পেলেই ছোটেন ভ্রমণপিপাসুরা। তবে এ পর্যন্ত কতগুলো জেলা ঘুরে দেখা হলো কিংবা দেশের কোন কোন জেলা এখনও ঘুরে দেখা বাকি—সেই হিসাব রাখার এক অভিনব সুযোগ এনে দিয়েছে অনলাইন ভ্রমণ ম্যাপ। এখন নিজের ঘুরে দেখা জেলার তালিকা সিলেক্ট করেই মাত্র কয়েক ক্লিকে তৈরি করে নেওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যক্তিগত একটি আকর্ষণীয় ভ্রমণ মানচিত্র।
ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই ডিজিটাল ম্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিনিয়ত ভ্রমণপিপাসুরা নিজেদের ঘুরে আসা জেলাগুলো চিহ্নিত করে তৈরি করা ম্যাপ ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন। এর মাধ্যমে খুব সহজেই দেখা যাচ্ছে একজন ভ্রমণকারীর দেশের কতটি জেলা ঘুরে দেখা সম্পন্ন হয়েছে আর কতটি এখনও বাকি।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে [unseenbangladesh.com](https://unseenbangladesh.com) ওয়েবসাইটে যেতে হবে। সেখানে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪টি জেলার নামসহ একটি ডিজিটাল মানচিত্র দেখা যাবে।
২. জেলা নির্বাচন: যেসব জেলায় ইতোপূর্বে ঘুরেছেন, সেগুলো সিলেক্ট করতে হবে। তালিকা থেকে জেলার নামে ক্লিক করে কিংবা সরাসরি মানচিত্রে থাকা জেলাগুলোর ওপর ক্লিক করে নির্বাচন করা সম্ভব। আবার নির্দিষ্ট জেলা খুঁজে পেতে সার্চ বক্সও ব্যবহার করা যাবে।
৩. হিসাব ও নিয়ন্ত্রণ: যতগুলো জেলা সিলেক্ট করা হবে, ম্যাপে তার মোট সংখ্যা ভেসে উঠবে। যেমন—৬৪ জেলার মধ্যে ১০টি ঘুরে থাকলে '১০/৬৪' হিসেবে তথ্য দেখাবে। সব জেলা একসঙ্গে নির্বাচন করতে 'সব বাছাই করুন' এবং নতুন করে শুরু করতে 'সব মুছুন' অপশন রয়েছে।
পছন্দমতো থিম, ছবি ও নাম যোগ
ব্যবহারকারীদের সুবিধার্থে ভ্রমণ ম্যাপটিতে পাঁচটি ভিন্ন কালার থিম দেওয়া হয়েছে। পছন্দ অনুযায়ী যেকোনো থিম বেছে নিয়ে ম্যাপ সাজানো যাবে। এছাড়া ম্যাপের সঙ্গে নিজের ছবি যুক্ত করার সুযোগ রয়েছে। পাশাপাশি যুক্ত করা যাবে নিজের নামও। নাম না দিলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে 'আমার বাংলাদেশ' লেখাটি শোভা পাবে।
ডাউনলোড করার পদ্ধতি
পছন্দ অনুযায়ী নিজের ভ্রমণ মানচিত্র সাজানো শেষ হলে ওয়েবসাইটের একেবারে নিচে 'আপনার ম্যাপ ডাউনলোড করুন' অপশন পাওয়া যাবে। সেখান থেকে এক ক্লিকেই ম্যাপটি পিএনজি (PNG), জেপিজি (JPG) বা পিডিএফ (PDF) ফরম্যাটে ডিভাইসে সংরক্ষণ করে ফেসবুকে শেয়ার করা যাবে।




Comments