Image description

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার ঠেকাতে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়।

অভিযানের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস এবং পানি জমে থাকতে পারে—এমন স্থানগুলো পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংসের লক্ষ্যেই এ বিশেষ অভিযান আয়োজন করা হয়েছে। কর্মস্থলের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদেরও সচেতন করা হয়।

নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।’

তিনি বলেন, বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় জমে থাকা পানি মশার প্রজননের অন্যতম ক্ষেত্র। এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অভিযান থেকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

এসএ