Image description

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বশির বেপারী (৩৮), মো. মনির (২৭), মো. সোহেল মোল্লা (৩৮) ও মোছা. সুমি আক্তার (৩০)।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিফাতুল ইসলাম জনি গ্রুপের লোকজন শিকদার গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে—এমন অভিযোগে সিরাজদিখান থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় সিরাজদিখান বাজার, হিরনের খিলগাঁও, সন্তোষপাড়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার বশির বেপারী উপজেলার লতব্দী ইউনিয়নের মাহামুদপুর-রামানন্দ এলাকার বাসিন্দা। মনির বালুচর ইউনিয়নের চান্দেরচর এলাকার, সোহেল মোল্লা রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকার এবং সুমি আক্তার লতব্দী ইউনিয়নের রামানন্দ এলাকার বাসিন্দা।

সিরাজদিখান থানার এসআই হাসনাইন আহম্মেদ ও এসআই মুকুল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

এসএ