Image description

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে ভিত্তিহীন, কাল্পনিক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।
রবিবার (৫ অক্টোবর) মোংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল।
টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপ্পু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় টোয়াস। সংগঠনটির দাবি, প্রকাশিত ঘটনার সাথে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা নেই এবং তাদের নিবন্ধিত কোনো নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাদের জানিয়েছেন, রাত ৯টার দিকে স্থানীয় জেলেরা একটি সন্দেহজনক নৌযান চলাচলের খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। এটি ছিল জেলে ও স্থানীয়দের মধ্যকার একটি ঘটনা, পর্যটকবাহী জাহাজের সাথে এর কোনো সম্পর্ক নেই।
পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে টোয়াস নেতারা বলেন, সুন্দরবনের পেরিফেরি এলাকায় স্থানীয় জেলে ও দস্যুদের মধ্যে বিরোধ বা সংঘাতের ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে এবং বন বিভাগ নিয়মিত ব্যবস্থা নেয়। তবে এমন বিচ্ছিন্ন ঘটনাকে পর্যটনকেন্দ্রিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে উপস্থাপন করলে সুন্দরবন নিয়ে অযথা আতঙ্ক তৈরি হয়, যা পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর।
তারা আরও বলেন, দুই থেকে তিন দশক ধরে তারা সুন্দরবনে পর্যটন ব্যবসার সাথে যুক্ত। প্রতিটি পর্যটকবাহী জাহাজে বন বিভাগের সদস্য ও নিরাপত্তারক্ষী থাকেন এবং রাতে জাহাজগুলো সাধারণত বন বিভাগের কার্যালয়ের কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান করে। তাই সুন্দরবনের পর্যটক ও পর্যটন নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সুন্দরবনের পর্যটনের সাথে স্থানীয় অর্থনীতি ও দেশের ভাবমূর্তি জড়িত উল্লেখ করে কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে টোয়াস। একই সাথে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ দ্রুত প্রত্যাহার করে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য দায়িত্বশীল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।
এসএ