ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মৃত্যুর মিছিল, ধরা পড়ছে না অজ্ঞাত গাড়ি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আসলাম হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩ ঘটিকায় উপজেলার ষোলঘর ভূঁইচিত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে চলাচলরত একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়।
এর কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা লিটন ট্রাভেলস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৭৪) সড়কে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি দেখে ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১২-৩৫০৫) লিটন ট্রাভেলসের বাসটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলে পরিস্থিতির আরও অবনতি ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত আসলাম হোসেনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ছাড়া আহত নজরুল ইসলামকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত মো. আসলাম হোসেনের বাবার নাম বারেক হোসেন। তাঁর ঠিকানা ঢাকার শাহবাগ এলাকায়। আহত নজরুল ইসলাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিতখালী এলাকার কাজী আবদুর রহমানের ছেলে।
প্রায় সময় এমন দুর্ঘটনার শিকার হন অনেকেই, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ও আহত হন। কিন্তু এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ও পদ্মা সেতু টোল প্লাজায় অজ্ঞাত গাড়ি গুলোর পরিচয় জানা বা ধরা পড়ছে না।
এ দুর্ঘটনায় সুনির্দিষ্ট কারণ ও অজ্ঞাত গাড়িটির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিআর




Comments