Image description

বরগুনার পাথরঘাটায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্দেশিকা বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডি বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা প্রকৌশলী আবদুর রাজ্জাক।

কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জিআইএস এক্সপার্ট (বেটস) মোঃ কামরান খান। তিনি গ্রামীণ যোগাযোগ কাঠামোর টেকসই উন্নয়ন, জিআইএস প্রযুক্তির সঠিক ব্যবহার ও ডেটাভিত্তিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাকু, পাথরঘাটা উপজেলা বিএনপির সহ-সভাপতি এরফান আহমেদ সোয়েন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের গণমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় পাথরঘাটা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওতাধীন সড়কগুলোর কোর নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চিহ্নিত ও যাচাই করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক প্রতিনিধিদের মতামত বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতে সড়কের তালিকা চূড়ান্ত করা হয় এবং মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে ডেটাবেজ আপডেট করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিআর