মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর হালনাগাদ হলো ফুলবাড়ী থানার ওয়েবসাইট
দৈনিক মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর হালনাগাদ করা হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী থানার সরকারি ওয়েবসাইট। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টা ৪৬ মিনিটে জাতীয় তথ্য বাতায়নে ফুলবাড়ী থানার ‘কর্মকর্তাবৃন্দ’ পাতার তথ্য হালনাগাদ করা হয়।
এর আগে গত ২ অক্টোবর দৈনিক মানবকণ্ঠে ‘ফুলবাড়ী থানায় ওসি যোগদানের দেড় মাসেও হালনাগাদ হয়নি থানার ওয়েবসাইট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে সরকারি ওয়েবসাইটে কর্মকর্তাদের পুরোনো তথ্য থাকার বিষয়টি তুলে ধরা হয়।
মানবকণ্ঠের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ফুলবাড়ী থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম গত ১৫ আগস্ট ২০২৬ দায়িত্ব গ্রহণ করলেও তাঁর যোগদানের দেড় মাসের বেশি সময় পরও জাতীয় তথ্য বাতায়নের ‘কর্মকর্তাবৃন্দ’ পাতায় পুরোনো তথ্য দেখা যাচ্ছিল।
সংবাদ প্রকাশের চার দিন পর আজ ৬ অক্টোবর ওয়েবসাইটটি পরিদর্শন করে দেখা যায়, সেখানে বর্তমান ওসি মো. শহিদুল ইসলামের নাম, পদবি, ছবি ও যোগদানের তারিখসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হয়েছে। ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদের সময়ও ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১টা ৪৬ মিনিট উল্লেখ রয়েছে।
এর আগে এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মো. শহিদুল ইসলাম মানবকণ্ঠকে জানিয়েছিলেন, “ধীরে ধীরে কাজ হচ্ছে। যত দ্রুত সম্ভব এই সমস্যাটি সমাধান করা হবে।”
সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবি ও যোগাযোগের তথ্য সঠিক ও হালনাগাদ থাকা জনগণের তথ্যপ্রাপ্তি সহজ করার পাশাপাশি সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের পর ফুলবাড়ী থানার ওয়েবসাইটে তথ্য হালনাগাদ হওয়ায় এখন সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সংশোধিত তথ্য পাওয়া যাচ্ছে।
ডিআর




Comments