ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ চলাকালে বোমাতঙ্ক ছড়িয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে ই-মেইলে স্টেডিয়ামে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়।
হুমকি পাওয়ার পরপরই স্টেডিয়ামে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পুলিশি কুকুর দিয়েও স্টেডিয়ামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এ সময় মাঠে দর্শকের সংখ্যা কম থাকায় আতঙ্ক বা হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়নি। তল্লাশি চলার মধ্যেই ম্যাচ শেষ হয়। খেলায় অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারায় ভারত।
গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল পটেল জানান, হুমকির ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় থানাকে বিষয়টি জানানো হয়। পরে সাইবার সেলের একটি দলও স্টেডিয়ামে আসে। এর আগেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও আইপিএল চলাকালে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
জানা গেছে, খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের হুমকির বিষয়টি জানানো হয়নি। ম্যাচ শেষে বেলা ১টার দিকে তারা স্টেডিয়াম ছেড়ে যান।
এদিকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পাশাপাশি আহমেদাবাদ হাইকোর্ট এবং কয়েকটি স্কুল-কলেজেও বোমা রাখার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। আগামী ২১ নভেম্বর স্টেডিয়ামে গায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান রয়েছে। ওই অনুষ্ঠান ঘিরে হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
হুমকির ঘটনায় স্টেডিয়ামের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসএস




Comments