Image description

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কে পুলিশি তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ৩৬ হাজার পিস ইয়াবাট্যাবলেটসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা (রাঙ্গাখালী) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টোল প্লাজার পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ চেকপোস্ট বসায়। সেসময় টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে চালকের আসনের নিচে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে গাড়িটিতে নিবিড় তল্লাশি চালানোর সময় দেখা যায়, পিকআপটির বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কায়দায় একটি গোপন কুঠুরি তৈরি করা হয়েছে। সেই কুঠুরি থেকে ৩৩টি জ্যামিতি বক্সের ভেতরে লুকিয়ে রাখা ১৮০টি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদক ও জব্দকৃত পিকআপের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিআর