Image description

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোংলায় এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "দুর্গাপূজা চলাকালীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনায় যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।" 

এছাড়া সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মণ্ডপ ও তার আশপাশের এলাকায় সকাল-সন্ধ্যা নিয়মিত মশকবিরোধী স্প্রে ছিটানোর জন্য নির্দেশ দেন তিনি।

সভায় পূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং প্রশাসনের সার্বিক সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. অব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসাইন পনি, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী মোংলা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, খাল, ড্রেনেজ ব্যবস্থা, ওয়াকওয়ে ও স্টেডিয়ামসহ চলমান একাধিক উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

ডিআর