Image description

ফেনীর পরশুরাম উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অপরাধে আনন্দ (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ৫ হাজার টাকার আর্থিক চুক্তির মাধ্যমেই তিনি গভীর রাতে এলাকায় পোস্টার লাগাতে গিয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৯ অক্টোবর) দিবাগত রাতে (শনিবার ভোররাতে) উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর বাজারে। আটক আনন্দ রাজষপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয় সূত্র ও বাজার কমিটি জানায়, শনিবার ভোররাত ৩টার দিকে রাজষপুর বাজারে নিষিদ্ধ সংগঠনের পক্ষে পোস্টার লাগাচ্ছিলেন আনন্দ। এ সময় বাজারের নাইটগার্ড ডালিম বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে গেলে আনন্দ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সকালে বাজারে বিষয়টি জানাজানি হলে বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, নাইটগার্ড ডালিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আটক আনন্দ সবার সামনে পোস্টার লাগানোর কথা স্বীকার করেন।

আটক আনন্দ দাবি করেন, তানজিম নামের রাজষপুর গ্রামের শফিকুর রহমানের এক যুবক ঢাকা থেকে ওই পোস্টারগুলো এনে তাঁর হাতে দিয়েছিলেন। এছাড়া প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন হেলালের সঙ্গে ৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতেই তিনি রাতের আঁধারে এই পোস্টারগুলো লাগাতে এসেছিলেন বলে জানান।

চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শেখ আহম্মদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পোস্টর লাগানোর খবরটি সত্য। ওরা দিনে বিএনপি করে রাতে আওয়ামী লীগের লোকজনের সাথে যোগাযোগ করে। এরা দলের মির্জাফর। জাতীয় বেইমান। এই অপরাধী লোকদেরকে বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, পোস্টর লাগানোর খবরটি সত্য এবং একজন কে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত সবাই কে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় নয়।