চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত ২৮ সেপ্টেম্বর অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয়। উদ্ধার করা জমিতে সরকারি সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ওই জমিতে পর্যটকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধার করা জমিটি স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এরফানের দখলে ছিল। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে মাছ চাষ করা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সৈকতের পার্কিং এলাকার আশপাশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধার করা জমিতে পারকি সমুদ্রসৈকতে আসা পর্যটকদের সুবিধার্থে আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আনোয়ারার অন্যতম পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতে ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বাড়লে যানবাহন পার্কিং নিয়ে ভোগান্তি দেখা দেয়। পর্যাপ্ত ও পরিকল্পিত পার্কিং সুবিধার অভাবে সৈকতে আসা দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের আশা, উদ্ধার করা জমিতে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু করা হলে পর্যটকদের ভোগান্তি কমবে। পাশাপাশি সৈকত এলাকার যানবাহন ব্যবস্থাপনা ও সার্বিক শৃঙ্খলা উন্নত হবে।
তবে উদ্ধার করা সরকারি খাসজমি যাতে পুনরায় বেদখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি জোরদার এবং জমিটির দ্রুত পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এসএ




Comments