বিএমডিএ কর্মীদের গ্রুপ বীমা, মৃত্যুতে মিলবে ৭২ মাসের বেতন
জেনিথ ইসলামী লাইফের সঙ্গে চুক্তি স্বাক্ষর
বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে নিয়োজিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুরক্ষায় গ্রুপ বীমা চালু করেছে প্রতিষ্ঠানটি। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে চুক্তির আওতায় কোনো কর্মীর স্বাভাবিক মৃত্যুতে তাঁর নমিনি পাবেন ৩৬ মাসের বেতনের সমপরিমাণ অর্থ। আর দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে এ সুবিধা বেড়ে দাঁড়াবে ৭২ মাসের বেতনে।
সোমবার (১২ অক্টোবর) রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে বিএমডিএর সব কর্মকর্তা-কর্মচারী জীবনবীমার আওতায় আসবেন।
চুক্তি অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুর পর তাঁর মনোনীত ব্যক্তি নির্ধারিত বীমার অর্থ পাবেন। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কর্মীদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মো. জাহাঙ্গীর আলম খান, সচিব মো. মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফসহ প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি (গ্রাহকসেবা) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. নাহিদুল ইসলাম, উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিনসহ অন্য কর্মকর্তারা।
এসএ




Comments