Image description

চট্টগ্রামের লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন-আখন্দের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, চট্টগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন পিভিএম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অ.ন.ম. নোমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি রিটন কান্তি বিশ্বাস এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক সুজন নাথসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাই যেন আনন্দময় পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছে। দুর্গাপূজাসহ বিভিন্ন বড় উৎসবের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতে হবে। পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে, যাতে কেউ গুজব ছড়িয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। তিনি গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, গুজবের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। উপজেলা পর্যায়ে সব দুর্গাপূজা উদযাপন কমিটির ফেসবুক পেজ সচল রাখার জন্য তিনি অনুরোধ জানান, যাতে কোনো গুজব ছড়ালে দ্রুত তার প্রতিবাদ জানানো যায় এবং অপপ্রচারকারীদের উদ্দেশ্য ব্যর্থ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জনের স্থান আগে থেকেই নির্ধারণ করতে হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে দিনের আলোতে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, যাতে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায়।

এসএ