Image description

​হবিগঞ্জের লাখাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা পরবর্তী সময়ে উপজেলার সাতাউক ও নকলাউক গ্রামে আকস্মিকভাবে শিয়ালের দল এ হামলা চালায়।

​গুরুতর আহত দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সাতাউক গ্রামে হঠাৎ শিয়ালের হামলায় মান্না (২২), আরাফাত (১৩), আজিজুল (৩৫)-সহ ১০ থেকে ১২ জন আহত হন। অন্যদিকে, নকলাউক গ্রামে লুৎফা (১৬) এবং মিনা (৯০) নামের এক বৃদ্ধাসহ আরও ১২ থেকে ১৩ জন আহত হন।

​লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মিলন চন্দ্র নন্দী জানান, সোমবার রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত নকলাউক ও সাতাউক গ্রামের আক্রান্ত মোট ৩০ জন নারী-পুরুষকে হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

​এদিকে হঠাৎ শিয়ালের এমন উপদ্রব ও অব্যাহত হামলায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এসএ