Image description

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি শাহাবুদ্দিন একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করেন। ওই ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার টানার কাজ চলছিল। এ সময় বিদ্যুতের তারের লিকেজ থেকে ঘরের স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় ঘরের ভেতর থেকে দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এসএস