গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের পুরো রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, "এর ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি এখনো চলছে। এসব দুর্নীতি অনিয়ম বন্ধে সরকার কাজ করছে।"
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরবঙ্গের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, "আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে । তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।"
আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নে জনগণের সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও তৈরি হবে।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআর




Comments