বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রতিবেশীদের হামলায় যুবকের প্রাণহানি
নওগাঁর মান্দায় গৃহপালিত বাছুরে সামান্য খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের নির্মম হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই হামলায় নিহতের স্ত্রী ও ভাই গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। এ ঘটনায় রক্তাক্ত ও গুরুতর আহতরা হলেন নিহতের স্ত্রী সাথী বেগম (২৫) এবং ভাই সাইফুল ইসলাম (৩০)। স্থানীয়রা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের খড়ের গাদা থেকে কিছুটা খড় খায়। এ নিয়ে ইব্রাহীম ও শহিদুলের পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেন ও মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদুলের ওপর অতর্কিত হামলা চালায়। উপর্যুপরি মারধর ও আঘাতে ঘটনাস্থলেই ঢলে পড়ে প্রাণ হারান শহিদুল।
এ সময় গুরুতর রক্তাক্ত শহিদুলকে বাঁচাতে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলাম এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও পিটিয়ে রক্তাক্ত করে। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ইব্রাহীম ও মোয়াজ্জেমসহ ঘটনার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিআর




Comments