Image description

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাদক উদ্ধারে গিয়ে তাঁরা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করলে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।

পরে ভারতের স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন তারা। পরে বিএসএফ দুই পুলিশ সদস্যকে নিয়ে যায়।

ওসি মো. ফারুক হোসেন বলেন, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

 এনএ