Image description

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, “এবারের দুর্গাপূজা বিএনপি সরকারের আমলের প্রথম পূজা। সরকার পূজার সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার মানুষ। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে এক ছাতার নিচে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাসের উপযোগী করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

শনিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে অতীতেও ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে নির্বিঘ্নে ও সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছেন।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।

এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় কুমার রায় রাজিব, সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এসএ