দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করতে একটি পক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের আন্দোলনের ঘটনাপ্রবাহকে ধারণ করে। এ কারণে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে দলটি। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তা এবং তাঁদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দলের বক্তব্যের সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের মিল পাওয়া যাচ্ছে না। দেশের মানুষ এখন স্থিতিশীল পরিবেশে জীবনযাপন করতে চায়। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক অধিকার ভোগের সুযোগও তাদের প্রত্যাশা।
শ্রমিক অসন্তোষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশের কয়েকটি কলকারখানায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি সীমান্তের ওপার থেকে অর্থায়ন করছে এবং দেশের অভ্যন্তরেও একটি পক্ষ এ ধরনের তৎপরতায় যুক্ত রয়েছে।
এ পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী অঞ্চলের পানির সংকট নিরসনে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর দাবি, পদ্মা ব্যারাজ নির্মিত হলে রাজশাহীসহ আশপাশের অঞ্চল এবং প্রায় ১৪টি জেলার মানুষ এর সুফল পাবেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করে তারেক রহমান কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, উপজেলা হাসপাতালের উন্নয়ন এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন গুরুত্বপূর্ণ। কৃষকদের পাশে দাঁড়ানো, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং খাল খননের মতো কর্মসূচি এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়।
জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনই বিএনপি সরকারের শক্তি। দেশের উন্নয়ন, পানির সংকট সমাধান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
এসএ




Comments