Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক গোডাউন, দোকান ও স্থাপনা পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস সুপার মার্কেট ও পাশের একতা প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিশ্বাস সুপার মার্কেটে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় লোকজনও সহযোগিতা করেন।

অগ্নিকাণ্ডে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষকসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জহুরুল ইসলামের ভাই সাখাওয়াত হোসেনের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া মোবাইল টেলিকম ব্যবসায়ী আতিকুল ইসলামের দোকানে প্রায় ১০ লাখ টাকা এবং শফিক ইসলামের দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বাস সুপার মার্কেটের মালিক হাসান বিশ্বাসের স্থাপনায় প্রায় ১০ লাখ টাকা এবং পাশের একতা প্লাজার মালিক আমিনুল ইসলামের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন মিঠা বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি বাণিজ্যিক হলেও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন, জামায়াত নেতা আব্দুস সাত্তার ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলমসহ স্থানীয় নেতারা।

এসএ